ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও থেকে বিমানে করে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। বুধবার ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা ইতোমধ্যে বিমানবন্দর চালুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বাস্তবায়নের অপেক্ষা। তিনি বলেন, “আগামী দুই বছরের মধ্যে ইনশা আল্লাহ আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকা যাব। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।”
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর সম্ভাব্য করণীয় নির্ধারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তারা এদিন সরেজমিনে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে স্থানীয় বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে। আগামী মাস থেকেই বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। রানওয়ে ও অবকাঠামোগত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়েছে এবং মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি সদর উপজেলাকে ভাগ করে ভূল্লী ও রুহিয়া নামে নতুন উপজেলা গঠনের গেজেট প্রকাশ হয়েছে বলেও জানান তিনি।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানায় বিনিয়োগ বাড়াতে হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। উদ্যোক্তারা এগিয়ে এলে সরকার ও জনপ্রতিনিধিরা সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
এ ছাড়া বক্তব্যে তিনি রাজনৈতিক প্রসঙ্গও তুলে ধরেন। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু গোষ্ঠী অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণে দেশের মানুষ কখনো দলটিকে ক্ষমতায় আনবে না।

