ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের ভোট গণনা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শেষ হয়েছে। নির্বাচনের প্রচারণা চলাকালীন এই আসন সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল আলোচনার তুঙ্গে। ঢাকা-৮ আসনের প্রধান দুই প্রার্থী ছিলেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।
নির্বাচনের প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত ছিল ঢাকা-৮ আসন। মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারী দুইজনই তাঁদের কথার লড়াইয়ের মাধ্যমে যথেষ্ট আলোচনার খোড়াক জুগিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রতিদ্বন্দ্বীতা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম।
কথার লড়াইয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বীতা যেমন জুগিয়েছে আলোচনার খোড়াক তেমনই ব্যালটে তাঁদের লড়াই জাগিয়ে রেখেছিল সারাদেশকে। বৃ্হস্পতিবার ১২ই ফেব্রুয়ারী বিকাল ৪:৩০ এ ভোটগ্রহণ শেষ হয়। এরপর থেকেই শুরু হয় ভোট গণনা।
ভোট গণনার শুরু থেকেই সারাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা-৮ আসন। শুরু থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে টানটান উত্তেজনা। কোনো একটি ভোটকেন্দ্রে নাসিরুদ্দিন পাটোয়ারী জিতলে পরবর্তী কেন্দ্রে মির্জা আব্বাস জিতে যান। সন্ধা ৬টা থেকে ১২টা পর্যন্ত একবার মির্জা আব্বাস ব্যালটে এগিয়ে গেলে এরপরই আবার নাসিরুদ্দিন পাটোয়ারী এগিয়ে যান। ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত এমনই চলতে থাকে।
রাত ১২টার দিকে ভোট গণনা শেষ হলে অবশেষে জানা যায় কে হলেন বিজয়ী। ১০৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ৫৭০৯২টি ভোট নিয়ে বিজয়ী হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এনসিপি মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী ৫১৩৯৬টি ভোট পেয়ে পরাজিত হন।
ভোট গণনা শেষের মাধ্যমে সারাদেশের সবচেয়ে আলোচিত এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সংসদীয় আসনের নির্বাচনের সমাপ্তি ঘটেছে।

