ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে কর্মরত এক বাংলাদেশি শ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন, জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় বাহরাইনের মানামার কাছাকাছি একটি সামুদ্রিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) একটি জাহাজের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক মারা যান এবং আরও দুই জন আহত হন।
ঘটনায় নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮), যিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বাহরাইনের ড্রাইডক শিপইয়ার্ডের দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে এই ঘটনা ঘটে।
এদিকে কুয়েতে চারজন বাংলাদেশি নাগরিক ড্রোন হামলায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন — ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তারা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্থিতিশীল আছেন এবং বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে বসবাসরত প্রায় ৬০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। মধ্যপ্রাচ্যের বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক থাকার জন্য পরামর্শ ও নির্দেশনা দিয়েছে। এছাড়া আহত ও নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জানিয়েছে।

