পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে করেন।
এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান বা জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
পুলিশের আইজিপি দাবি করেন, যারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে নিজের সম্পত্তি বিবেচনা করে তাদের তালিকা করা হচ্ছে। খুব শীগ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন এই সংবাদ সম্মেলনে। তিনি বলেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। দল-মতনির্বিশেষে সবার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। চাঁদাবাজদের জন্য কোনো দলীয় বিবেচনার সুযোগ থাকবে না।
মো. আলী হোসেন ফকির আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেইড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ অভিযান চলমান রয়েছে।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, ও অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

