দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও হবে না বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে নানা শঙ্কা তৈরি হলেও জ্বালানিমন্ত্রী বলছেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনও হবে না, কখনও হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সাথে ব্রিফিং-এ তিনি এ দাবি করেন। তিনি বিদ্যুতের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশেও কোথাও লোডশেডিং নেই। বিদ্যুতের লাইনের ফল্টের কারণে মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না।
গ্রামে চলমান লোডশেডিং নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। মন্ত্রীর দাবি, ‘গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি “ফল্ট” (ত্রুটি) হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই “ফল্ট লোকেট” করতে তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’
মন্ত্রী বলেন, কিছুদিন আগে দেশে বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। তিনি জানান, সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে। তিনি মন্তব্য করেন, ‘আজকে আমাদের এই ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। তাদের সহযোগিতায় আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ দিয়েছি।’

