চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের খবর প্রকাশ্যে আসার পরদিনই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এই দুই সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের সাফল্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেন শাহজাহান খান। তিনি জানান, ১৯৯৮ সাল থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বিগত ১৭ বছর দল ক্ষমতার বাইরে থাকায় তখন ছাত্রদল করার মতো লোক পাওয়া কঠিন ছিল। সেই পরিস্থিতিতে তাঁকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল। ২০১৮ সালে গঠিত সেই কমিটি এতদিন বহাল ছিল।
ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানো নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সন্তানের ভালো ফলাফলে একজন বাবা হিসেবে আনন্দ প্রকাশ করার অধিকার তাঁর রয়েছে। পাশাপাশি কমিটি গঠন বা বিলুপ্ত করার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

