বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যাডহক কমিটিকে ঘিরে ওঠা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, নানা ধরনের ট্যাগ দেওয়া হতে পারে, তবে তার লক্ষ্য ক্রিকেটের উন্নয়নে কাজ করা।
রোববার (৭ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করেন তিনি। নির্বাচনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডহক কমিটি নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নতুন সভাপতি।
তামিম বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’ তার এই মন্তব্যের মাধ্যমে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও স্পষ্ট হয়েছে।
তিনি আরও জানান, নিজের কিংবা বোর্ডের অন্য সদস্যদের বিতর্কের কেন্দ্রে দেখতে চান না। সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করে তামিম বলেন, মানুষ হিসেবে ভুল হতেই পারে, তবে সেই ভুল দ্রুত সংশোধন করার সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্বাচনের দিন সকাল থেকে ব্যস্ত সময় পার করায় নিজেকে কিছুটা ক্লান্ত বলেও উল্লেখ করেন নতুন বোর্ডপ্রধান। তবে দায়িত্ব গ্রহণের পর বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা ধাপে ধাপে গণমাধ্যম ও ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তামিম জানান, অ্যাডহক কমিটিতে দায়িত্ব পালনকালে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কাজ শুরু হয়েছিল। এখন সেগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, ক্রিকেটের উন্নয়নে নেওয়া প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত রাখা হবে এবং গণমাধ্যমকে তিনি দেশের ক্রিকেট ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
নতুন নেতৃত্বে বিসিবির কার্যক্রম কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর ক্রিকেট অঙ্গনের।

