প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন, যা দেশের ইতিহাসে ৫৫তম বাজেট।

বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৭২১ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৬১১ কোটি টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয় হিসেবে বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৯১৫ কোটি টাকা। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা। নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে সামরিক বাহিনীর পরিচালন কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে সরকারের গুরুত্বের প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।

সরকারের ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের লক্ষ্য সামনে রেখে আগামী অর্থবছরের এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের বিভিন্ন খাতের মধ্যে প্রতিরক্ষা খাতও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পেয়েছে, যা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top