সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে নতুন এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তামিল সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত ‘থাই মামান সির’ নামের একটি ঐতিহ্য রয়েছে। এ রীতিতে নবজাতককে আশীর্বাদ ও উপহার প্রদান করেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে তামিলনাড়ু সরকার এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য প্রশাসনের মতে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টাও রয়েছে এর পেছনে।

সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকের পরিবারকে প্রতীকী সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে প্রসবসেবা গ্রহণে মানুষকে আরও উৎসাহিত করাও সরকারের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর একটি ছিল এই প্রকল্প। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় দলটির সমর্থকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top