ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস দাবি করেছেন, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই তারকা ফুটবলার। এমনকি ইউরোপীয় ফুটবলে সফল ক্যারিয়ার গড়ে কোটি কোটি টাকা আয় করেও বর্তমানে তিনি গুরুতর আর্থিক সংকটে পড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। অভিযোগ রয়েছে, বিভিন্ন ক্লাবে দলবদল, বেতন, বোনাস এবং অন্যান্য বাণিজ্যিক আয়ের বড় একটি অংশও তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। তবে এসব বিষয়ে রাফিনিয়া দীর্ঘদিন কিছুই জানতেন না বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করেন রাফিনিয়া। সেই উদ্দেশ্যে ব্যাংক হিসাব পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্টে প্রত্যাশার তুলনায় অনেক কম অর্থ রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি আর্থিক নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। এরপরই বছরের পর বছর ধরে চলা কথিত অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর নিজের উপার্জনের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তা খুঁজে বের করতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাফিনিয়া। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের প্রকাশিত তথ্যেরও স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ফলে অভিযোগগুলোর সত্যতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

