বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও স্বেচ্ছায় বেতনের একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে একটি ব্যক্তিগত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কাউকে বাধ্য না করে অনুরোধের সুরে বলেন, ইচ্ছা হলে মন্ত্রীরাও যেন নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জানান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ গরিব-অসহায় মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়। সেই ঐতিহ্য অনুসরণ করে তিনিও বর্তমানে নিজের বেতনের ১০ শতাংশ নিয়মিত সরকারি হিসাবে জমা দিচ্ছেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। প্রতি মাসে বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর তিনি ১১ হাজার ৫০০ টাকার একটি চেক সরকারি অ্যাকাউন্টে জমা দেন। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি বাধ্যতামূলক নয়, তবে সামর্থ্য থাকলে সবাই যেন একই উদ্যোগে অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর এই প্রস্তাব শুনে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, সবাই ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এবং প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও জনকল্যাণে অবদান রাখার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই আহ্বান সেই মূল্যবোধকেই সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top