গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় খালের পানিতে ভাসমান একটি লাগেজ ও পাশে থাকা একটি বস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও মেম্বারবাড়ী বাজারের মাঝামাঝি নির্জন এলাকা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামজা এ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালে লাগেজ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে পুলিশ, খুলে দেখা যায় ভেতরে রয়েছে এক নারীর মরদেহের একাংশ। এরপর আশপাশে তল্লাশি চালালে আরও একটি বস্তা ভাসতে দেখা যায়, যেখান থেকে পাওয়া যায় ওই নারীর মরদেহের বাকি অংশ। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহ খণ্ড খণ্ড করে আলাদাভাবে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে দেওয়া হয়েছিল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

