সিপিসিতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন ডেপুটি স্পিকার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে আজ শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের এই দলে থাকছেন বিএনপির এমপি হুমাম কাদের চৌধুরী ও মিজ সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মো. মাহবুবুল আলম। প্রতিনিধিদলের সচিবের দায়িত্বে থাকবেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে অংশ নেবেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ শীর্ষক প্রতিপাদ্যের আওতায় হবে আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ।

সম্মেলন চলাকালে বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক বৈঠকেও অংশ নেবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এর মধ্যে রয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠক, পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গেও বসবেন তিনি। এ ছাড়া সিপিসিতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও বাংলাদেশ দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতান্ত্রিক চর্চা সুসংহত করার লক্ষ্যে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে একটি সংসদীয় কর্মশালাতেও অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল। সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top