নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে বরাদ্দ কোটি টাকা

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দের মধ্যে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর ঢাকা দক্ষিণের জন্য বরাদ্দ ৪ কোটি ৩৯ লাখ টাকা।

এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন পেয়েছে ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম ২ কোটি টাকা, বগুড়া ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি কর্পোরেশন ১ কোটি ২ লাখ টাকা। বাকি সিটি কর্পোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি কর্পোরেশন পেয়েছে ৩২ লাখ টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে গত ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে সিটি কর্পোরেশনগুলোর প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ আবর্তক অনুদান খাতে এই ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে এবং পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সংগতি রেখে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকেই দায়ী থাকতে হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top