রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই তিন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-১, মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।
সংশ্লিষ্টরা জানান, তিনটি প্রকল্প বাস্তবায়নে সব মিলিয়ে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
অর্থায়নের দিক থেকে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্প দুটির ক্ষেত্রে অনুমোদিত হয়েছে সংশোধিত ব্যয় প্রস্তাব, যেগুলোর অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। অন্যদিকে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পটি অনুমোদন পেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে।

