কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশের প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত হওয়ার কথা স্বীকার করেছে। তারা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের সাথে ভিকটিমের উঠাবসা ছিল। ঘটনার সমস্ত আলামত পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের প্রশংসা করতেই পারি।’
দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আদালতও রামিসা হত্যাকাণ্ডের মতো বিচার প্রক্রিয়া শেষ করবেন বলে আশা করছি।’
অপরাধের পেছনের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপরাধের পেছনে কিছু ঘটনা থাকে। এসবের পেছনে মাদকসহ নানা কারণ থাকে। এজন্য আমরা স্কুল পর্যায়ে সাংস্কৃতিক, ক্রীড়া কর্মকাণ্ডসহ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি।’
সমাজের পচন বহু বছর ধরে শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সমাজের মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে হবে। গুরুতর অপরাধের বিচার এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

