বিশ্বের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই হুমকি দেন তিনি।

ভাষণে ট্রাম্প বলেন, ‘‘আমি কি তাদের জাহান্নামে ঠেলে দেব; যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’’

তবে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে। কারণ চুক্তি না করা তাদের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে আমার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।’’

সাধারণ পরিষদের এই ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসান নিয়েও আশা প্রকাশ করেন ট্রাম্প। মস্কোর আগ্রাসন বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি অতিদ্রুত সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে তার ভাষ্য, ‘‘আমরা রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা বিষয়টির সুরাহা করব। আমি মনে করি, মানুষ যতটা দ্রুত ভাবছে, তার চেয়েও দ্রুত গতিতে এটি ঘটতে যাচ্ছে।’’

সূত্র: এএফপি, রয়টার্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top