এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তুলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তার ভাষ্যে, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়।

কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে তা চিহ্নিত করেই কর্মী পাঠানো হবে বলে জানান তিনি, সঙ্গে সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষিত করে প্রস্তুত করার কথাও উল্লেখ করেন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে যেতে গিয়ে অনেক মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন, এমন প্রতারণা বন্ধে কাজ চলছে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সেবা সহজ করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দালালদের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার সুযোগও তৈরি করা হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top