২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজযাত্রীদের অর্থ জমা নিতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ পাঠিয়েছে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে।
আদেশে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখাগুলো খোলা থাকবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই।
এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকিং লেনদেনের সময় পেরিয়ে গেলেও, হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রাহক যতক্ষণ উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

