বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’খ্যাত রাখি সাওয়ান্ত আবারও নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় পরিচয়, নামাজ আদায় এবং উমরাহ পালনসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানে রাখি দাবি করেন, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস রয়েছে।
সাক্ষাৎকারে রাখি জানান, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। পাশাপাশি তার দাবি, এখন পর্যন্ত তিনি আটবার উমরাহ পালন করেছেন। ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি নিজের জীবনে ইসলামের অবস্থান নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
রাখির ধর্মীয় পরিচয়ের বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগেও তিনি ইসলাম গ্রহণের কথা জানিয়েছিলেন। ২০২৩ সালে স্বামী আদিল খান দুরানিকে বিয়ে করার পর ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে আসে তার। সে সময় নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী হিসেবেও উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী। রমজান মাসে মক্কায় গিয়ে উমরাহ পালনের ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
নতুন সাক্ষাৎকারে আন্তঃধর্মীয় বিয়ে ও সম্পর্ক নিয়েও নিজের মত তুলে ধরেন রাখি। তার ভাষ্য, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে কোনো নতুন বিষয় নয়। এ প্রসঙ্গে তিনি বলিউডের শাহরুখ খান ও আমির খানের উদাহরণ টানেন। তার মতে, বর্তমানে বিপুলসংখ্যক মানুষ আন্তঃধর্মীয় সম্পর্কে জড়িত এবং ভালোবাসার ক্ষেত্রে ধর্ম বাধা হওয়া উচিত নয়।
সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের নানা অভিজ্ঞতার কথাও বলেন রাখি। তার দাবি, একসময় তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলে উপহাস করতেন অনেকে। তবে সেই সময় থেকেই ভিডিও কনটেন্ট তৈরির দিকে মন দেন তিনি। ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন বলেও জানান। নিজের উপস্থিতি ও জনপ্রিয়তা নিয়ে রাখি বলেন, তিনি নিজেই একটি চলমান কনটেন্ট।
‘বিগ বস ১৫’-এ স্বামী হিসেবে পরিচিত রিতেশকে নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার দাবি, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’। পরবর্তী সময়ে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ককে ঘিরে বিতর্ক তৈরি হলে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন রাখি।
বর্তমান সময়ের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। উর্বশী রাউতেলা ও ওরির মতো ব্যক্তিরা তার পথ অনুসরণ করেছেন বলে দাবি করেন রাখি। নিজেকে ‘ওজি রাখি সাওয়ান্ত’ হিসেবে উল্লেখ করে বিনোদন জগতে তার নিজস্ব অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

