এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাদের ভূমিকা বিবেচনায় নিয়ে দায়িত্ব পুনর্বণ্টনের পরিকল্পনা করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, দলের শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসছে না। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে থাকছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নতুন কাঠামোয় বর্তমানে শীর্ষ পর্যায়ে থাকা ১১টি পদ কমিয়ে ছয়টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের ভেতরে বর্তমান নেতৃত্বের এ কাঠামো ‘সুপার ইলেভেন’ নামে পরিচিত। পুনর্গঠনের পর তা ‘সুপার সিক্স’ হিসেবে পরিচিত হতে পারে।

কোন পদে আসছেন কারা

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেতে পারেন। তবে নতুন পদে তাঁদের দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়গুলো সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং আসিফ মাহমুদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। পুনর্গঠনের মাধ্যমে এসব পদ বিলুপ্ত করে নতুন দায়িত্ব কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠনের পর এনসিপির কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্যের হতে পারে। দলটির নেতৃত্বের কাঠামো ছোট করার পাশাপাশি বিভিন্ন নেতার মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

কেন এই পুনর্গঠন

এনসিপির নেতারা জানিয়েছেন, দল গঠনের পর থেকে বিভিন্ন সময়ে নতুন সদস্য যুক্ত হওয়ায় সাংগঠনিক কাঠামোতে একাধিক পদ তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে কোন নেতা কতটা সক্রিয় এবং সাংগঠনিক কার্যক্রমে কার অবদান কেমন, তা মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে কমিটি পুনর্গঠন করে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন থেকেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দলের অভ্যন্তরীণ আলোচনা শেষে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত হয়েছে। নেতাদের অবদান ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন দায়িত্ব নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

রাজনৈতিক পর্ষদে আলোচনা

দলীয় সূত্র জানায়, গত রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সভায় কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। সভায় দলের কয়েকজন সংসদ সদস্য এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, নুসরাত তাবাসসুম, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুনর্গঠনের মাধ্যমে দলের নেতৃত্বের কাঠামোকে সংক্ষিপ্ত করার পাশাপাশি সহযোগী সংগঠন ও বিভিন্ন সাংগঠনিক সেলের দায়িত্বও নতুনভাবে বণ্টন করা হতে পারে। তবে এসব দায়িত্বের পূর্ণাঙ্গ বিবরণ নতুন কমিটির তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে।

বর্তমানে জাতীয় সংসদে এনসিপির আটজন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান, হান্নান মাসউদ, মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম রয়েছেন।

সামনে প্রথম জাতীয় কাউন্সিল

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। প্রতিষ্ঠার পর থেকেই দলটি আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে নতুন সদস্য যুক্ত হওয়ায় কমিটির আকার ও দায়িত্বের কাঠামো সম্প্রসারিত হয়।

দলটির প্রথম জাতীয় কাউন্সিল আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। কাউন্সিলকে সামনে রেখেই নেতৃত্বের কাঠামো পুনর্বিন্যাস ও দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top