ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে মাইক্রোসফটে নাদিয়া নাহার

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও শিক্ষকতা থেকে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটে গবেষক হিসেবে যোগ দিয়েছেন ড. নাদিয়া নাহার। সফটওয়্যার প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং নিয়ে কাজ করে আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় (সিএমইউ) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন নাদিয়া। এরপর মাইক্রোসফটে সিনিয়র অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। এর আগে প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।

নাদিয়ার শিক্ষাজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি)। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। স্নাতকে ৩.৯৯ এবং স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। পড়াশোনা শেষে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করার পাশাপাশি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত হন।

কর্মজীবনের একপর্যায়ে তাঁর আগ্রহ তৈরি হয় সফটওয়্যার তৈরির পাশাপাশি এসব প্রযুক্তি ব্যবহারে প্রকৌশলীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হন, তা নিয়ে গবেষণায়। এই আগ্রহ থেকেই ধীরে ধীরে গবেষণার জগতে এগিয়ে যান তিনি। পরবর্তী সময়ে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার মাধ্যমে নিজের দক্ষতা আরও বিকশিত করেন।

নাদিয়ার গবেষণার অন্যতম ক্ষেত্র সফটওয়্যার প্রকৌশল, মানব-কম্পিউটার মিথস্ক্রিয়া এবং মেশিন লার্নিং। বিশেষ করে বাস্তব পরিবেশে এআই প্রযুক্তি কীভাবে তৈরি, মূল্যায়ন ও ব্যবহার করা হয়, তা নিয়ে কাজ করেন তিনি। প্রযুক্তি কতটা কার্যকর, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল, এসব বিষয় তাঁর গবেষণায় গুরুত্ব পায়।

মাইক্রোসফটে কাজের মাধ্যমে বাস্তব পণ্য ও প্রযুক্তি ব্যবস্থায় এআই প্রয়োগের নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন নাদিয়া। তাঁর এই পথচলা বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ খোঁজার একটি অনুপ্রেরণামূলক উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top