গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়িতে ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকার একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে ওই বাড়ির ওপর নজরদারি চালানো হচ্ছিল। তথ্যের সত্যতা পাওয়ার পর টঙ্গী পূর্ব থানা-পুলিশ অভিযান পরিচালনা করে। বাড়ির ভেতরে ইয়াবা উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও রাসায়নিক উপাদান পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দাবি করেছেন, প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে তিনি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এরপর দ্রুত অর্থ উপার্জনের চিন্তা থেকে ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। এ বিষয়ে ইন্টারনেট ঘেঁটে এবং ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন কনটেন্ট দেখে ধারণা নিয়ে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। পরে নিজের বাড়িতেই গোপনে উৎপাদনকেন্দ্র স্থাপন করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর থেকেই নাজমুল মাদকাসক্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে তিনি নিজেই মাদক উৎপাদনের কাজে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি থেকে নিষিদ্ধ রাসায়নিক উপাদান ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

