খুলনা নগরের ফুলবাড়ীগেট এলাকায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে আসেন। সেখানে প্রথমে কাউন্টারে থাকা ‘টুঙ্গিপাড়া’ নামটি কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়। এরপর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা একই নাম কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।
কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার জানান, কয়েকজন যুবক এসে নামটি মুছে দিয়ে চলে যান। এ সময় কোনো ভাঙচুর বা দুর্ব্যবহার করা হয়নি।
খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে হঠকারী কোনো কর্মকাণ্ড না করার নির্দেশও রয়েছে। তাঁর দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

