রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নদীতীরের ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধের পাশাপাশি নদীদূষণ প্রতিরোধ ও ইনার সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীকে ঘিরে থাকা প্রধান নদীগুলো হলো বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। বৃহত্তর ঢাকায় রাজউকের সীমানাঘেঁষে ধলেশ্বরী ও বংশী নদও প্রবাহিত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব নদ-নদীর তীরে শিল্পকারখানা, আবাসিক ভবন ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনার কারণে নদীর তীর দখলের পাশাপাশি শিল্পবর্জ্য ও পয়োবর্জ্যে নদীর পানি দূষিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার কার্যবিবরণী অনুযায়ী, ঢাকার চারপাশের নদ-নদী ও সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়। সেখানে নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজউক জানিয়েছে, সিদ্ধান্তটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। নদীতীর থেকে ১০০ মিটারের মধ্যে কোনো অবকাঠামোর নকশা অনুমোদন না দিতে রাজউকের অনুমোদনকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই সীমার মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি স্থাপনার অনুমোদন দেওয়া হচ্ছে না।
এর আগে নদীর সীমানা থেকে ৫০ মিটার দূরে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল। আর ৫০ থেকে ২৫০ মিটার দূরত্বের মধ্যে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনাপত্তিপত্র রাজউকে জমা দিতে হতো। নতুন সিদ্ধান্তে নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধ করা হয়েছে।
রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন ছাড়া কেউ ওই এলাকায় স্থাপনা নির্মাণ করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো সেখানে পানি ও বিদ্যুতের সংযোগ দেবে না। পাশাপাশি রাজউক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। তবে ১০০ মিটারের মধ্যে আগে থেকে নির্মিত ভবনগুলোর বিষয়ে এখনো সরকারের সিদ্ধান্ত পাওয়া যায়নি।
নগর পরিকল্পনাবিদদের মতে, নদীতীরের নতুন স্থাপনা নিয়ন্ত্রণের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও এর বাস্তবায়নই মূল বিষয়। কারণ আগে ৫০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণের সুযোগ না থাকলেও ওই এলাকায় অনেক স্থাপনা গড়ে উঠেছে, এমনকি নদীর জায়গা দখল করেও স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাই নতুন সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি পুরোনো স্থাপনার বিষয়েও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে পরিবেশকর্মীরা নদী সুরক্ষায় এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও শুধু নতুন স্থাপনা বন্ধ করলেই নদীদূষণ বন্ধ হবে না বলে মত দিয়েছেন। তাঁদের মতে, নদীতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষজ্ঞরা ঢাকার সঙ্গে সংযুক্ত নদী, খাল ও জলপ্রবাহগুলোকে সমন্বিতভাবে দূষণমুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

