যেভাবে চীনা গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনে চীনের গোয়েন্দা তৎপরতা বিস্তৃত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক শীর্ষ কাউন্টারইন্টেলিজেন্স কর্মকর্তা উইলিয়াম ইভানিনা। তাঁর অভিযোগ, প্রচলিত গোয়েন্দা নেটওয়ার্কের পাশাপাশি ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও গবেষকদের ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে বেইজিং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, জৈবপ্রযুক্তি ও জ্বালানির মতো কৌশলগত খাত এসব তৎপরতার অন্যতম লক্ষ্য।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি কলামে এসব বিষয় তুলে ধরেন ইভানিনা। তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক ছিলেন।

ইভানিনার বিশ্লেষণে আলোচনায় এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির ঘটনা। মার্কিন সরকারের মূল্যায়নের বরাতে তিনি দাবি করেন, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়া প্রধানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ধরনের সম্পর্ককে গোয়েন্দা পরিভাষায় ‘হানি পট’ বা প্রেমের ফাঁদ হিসেবে বিবেচনা করা হয়। তবে চীন সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইভানিনার মতে, অ্যালিস হুয়াংয়ের গুরুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, ব্যবসায়িক অবস্থানের কারণেও। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান হিসেবে তিনি গত দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের এআই চিপ কেনার প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন বলে জানা গেছে। এসব চিপ যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ অমান্য করে চীনে পাচার হয়েছিল কি না, তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করেছে।

অপ্রথাগত তথ্য সংগ্রাহকদের ব্যবহার

ইভানিনা চীনের গোয়েন্দা তৎপরতার একটি কৌশল হিসেবে ‘নন-ট্র্যাডিশনাল কালেক্টর’ বা অপ্রথাগত তথ্য সংগ্রাহকদের ব্যবহারের কথা উল্লেখ করেছেন। এরা সাধারণত প্রশিক্ষিত গোয়েন্দা নন; বরং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা প্রকৌশলী, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ কিংবা বিনিয়োগকারী। বৈধ ব্যবসায়িক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও বিনিয়োগের সূত্রে তাঁরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। তাঁদের কেউ জেনেশুনে তথ্য সংগ্রহে যুক্ত হতে পারেন, আবার কেউ নিজের অজান্তেও ব্যবহৃত হতে পারেন বলে তাঁর দাবি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই কর্মকর্তা। তাঁর বিশ্লেষণে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে মেধাস্বত্ব ও বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের বছরে আনুমানিক ৩০ হাজার কোটি থেকে ৬০ হাজার কোটি ডলার পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

রাজনীতি ও শিল্পপ্রতিষ্ঠানেও নজরদারির অভিযোগ

ইভানিনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও চীনের প্রভাব বিস্তারের অভিযোগের কথা উল্লেখ করেছেন। ২০২৪ সালে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর একজন সাবেক সহযোগীর বিরুদ্ধে চীনের অঘোষিত প্রভাব বিস্তারকারী এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ এনেছিলেন ফেডারেল কৌঁসুলিরা। এ ছাড়া সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের সঙ্গে এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সম্পর্কের বিষয়টিও তাঁর লেখায় উঠে এসেছে।

শিল্পপ্রযুক্তি সংগ্রহের অভিযোগের উদাহরণ হিসেবে তিনি কৃষি প্রতিষ্ঠান মনসান্টোর হাইব্রিড বীজ, ডুপন্টের টাইটানিয়াম ডাই-অক্সাইড উৎপাদন প্রযুক্তি, পিটসবার্গ কর্নিংয়ের গ্লাস ইনসুলেশন এবং জেনারেল ইলেকট্রিকের এভিয়েশন বিভাগের জেট ইঞ্জিন-সংক্রান্ত বাণিজ্যিক গোপনীয়তার কথা উল্লেখ করেন। মনসান্টোর একটি ঘটনায় আইওয়ার একটি খামারে মাটি খুঁড়ে বীজ চুরির সময় এক চীনা নাগরিক ধরা পড়েছিলেন বলেও জানান তিনি।

তাঁর মতে, মহাকাশ, গভীর সমুদ্র প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, উন্নত উৎপাদন, পরিবেশবান্ধব জ্বালানি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং ডিএনএ ও জিনোমিকস গবেষণাও চীনের আগ্রহের তালিকায় রয়েছে।

মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয়ের প্রস্তাব

এ ধরনের তৎপরতা ঠেকাতে শুধু গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর না করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও নিরাপত্তা উদ্যোগে যুক্ত করার পরামর্শ দিয়েছেন ইভানিনা। তিনি গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে একটি বিশেষ প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্যানেলে প্রযুক্তির পাশাপাশি আর্থিক সেবা, টেলিযোগাযোগ, জ্বালানি, উৎপাদন, মহাকাশ ও পরিবহন খাতের প্রতিনিধিদের রাখার কথা বলেছেন তিনি।

একই সঙ্গে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক এই কর্মকর্তা। তাঁর মতে, প্রযুক্তি ও বাণিজ্যিক গোপনীয়তা রক্ষার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত রাখতে হবে। অর্থনৈতিক নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সমন্বিত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top