লক্ষ্মীপুরের রামগঞ্জে সৌদি আরবপ্রবাসী ছেলের পাঠানো ৭৭ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। জমি কেনার উদ্দেশ্যে পাঠানো ওই অর্থ পরিবারের কাছে পৌঁছানোর কথা থাকলেও তা আর ফেরত পাননি প্রবাসী মো. ফয়সাল। এদিকে ছেলের কষ্টার্জিত টাকা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তাঁর বৃদ্ধ বাবা আবদুর রশিদ ভূঁইয়া। টাকা ফেরত চাওয়ায় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযুক্ত দুজন হলেন বেলায়েত হোসেন ও তাঁর ভাই বিল্লাল হোসেন। তাঁরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা। ভুক্তভোগী আবদুর রশিদ রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, ফয়সাল দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। বেলায়েত ও বিল্লাল তাঁর আত্মীয়। তাঁদের সঙ্গে ফয়সালের পারিবারিক ও আর্থিক সম্পর্ক ছিল। এ কারণে ফয়সাল বিভিন্ন সময়ে তাঁদের ব্যাংক হিসাবে টাকা পাঠাতেন। এর ধারাবাহিকতায় গত ২৭ ও ২৮ অক্টোবর জমি কেনার জন্য রেমিট্যান্সসহ মোট ৭৭ লাখ ৭৭ হাজার টাকা তাঁদের ব্যাংক হিসাবে পাঠান। ওই অর্থ ফয়সালের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
পরবর্তী সময়ে ফয়সাল একই ব্যাংক হিসাবে আরও প্রায় ১৩ লাখ টাকা পাঠান। সেই অর্থ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হলেও আগের ৭৭ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর বাবা।
অভিযোগ অনুযায়ী, গত ৫ নভেম্বর সকালে আবদুর রশিদ টাকা ফেরত চাইতে অভিযুক্তদের বাড়িতে যান। সেখানে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি ও দুর্ব্যবহারের ঘটনা ঘটে। পরে বাড়ি থেকে ফেরার সময় তাঁকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ১৭ নভেম্বর রায়পুর থানায় বেলায়েত ও বিল্লালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন আবদুর রশিদ।
এদিকে অভিযুক্ত বেলায়েত হোসেন ও বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, বিল্লাল অজ্ঞান পার্টি কিংবা প্রতারকের খপ্পরে পড়েছিলেন। তখন তাঁর ব্যাংক হিসাব থেকে টাকাগুলো উধাও হয়ে যায়। তবে আবদুর রশিদকে মারধর কিংবা প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তাঁরা অস্বীকার করেছেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, টাকা লেনদেনসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ছেলের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আশায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আবদুর রশিদ। ২১ নভেম্বর লক্ষ্মীপুর শহরের একটি চীনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। তাঁর দাবি, ছেলের পাঠানো অর্থ ফেরত পেলে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে।

