তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবাস এক বাংলাদেশীর

তাজমহল দেখতে ভারতে গিয়ে নামের বিভ্রান্তির কারণে হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটানো বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী এবার এক মাসের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। ২০০৮ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্যটক ভিসায় ভারতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল। কিন্তু দেশটিতে প্রবেশের পর তাঁর জীবনের গতিপথ বদলে যায়।

২০০৮ সালের ৬ মে দিল্লির অমর কলোনিতে এক বৃদ্ধা হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় অভিযুক্ত ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি। পরে নামের মিলের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাজমহল দেখতে যাওয়া বাদল ফরাজীকে ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

মামলার বিচার শেষে ২০১৫ সালের ৭ আগস্ট দিল্লির সাকেত আদালত বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলেও দিল্লি হাইকোর্ট সাজা বহাল রাখেন। দীর্ঘ সময় দিল্লির তিহার কারাগারে বন্দী থাকা অবস্থায় বাদল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। তাঁর ঘটনা সামনে আসার পর মানবাধিকারকর্মীরা ‘জাস্টিস ফর বাদল’ নামে তাঁর মুক্তির দাবিতে প্রচার চালান।

বাংলাদেশ সরকারের উদ্যোগে ২০১৮ সালের জুলাইয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাদলকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফেরার পরও তাঁর কারামুক্তি হয়নি। ভারতীয় আদালতের দেওয়া সাজা বাংলাদেশে কীভাবে কার্যকর হবে এবং মুক্তির ক্ষেত্রে কোন দেশের আইন প্রযোজ্য হবে এ নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হয়।

কারা কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ভারতীয় আইনে তাঁর ১৪ বছরের সাজা ২০২২ সালের ২০ জুলাই পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া শেষ না হওয়ায় তিনি কারাগারেই থেকে যান। এ নিয়ে তাঁর পরিবার বিভিন্ন সময়ে সরকারের কাছে মুক্তির আবেদন করেছে। দীর্ঘ অপেক্ষার মধ্যে তাঁর বাবা মারা যান। অসুস্থ মা শেফালি বেগমও ছেলের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন।

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদল ফরাজীর এক মাসের প্যারোলে মুক্তির অনুমোদন দিয়েছে। ১৬ নভেম্বর তাঁর প্যারোল মঞ্জুর করা হয় এবং গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top