কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে সাগরপথে ট্রলারে তোলা হয়েছিল ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে। কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার বদলে কয়েক দিন সাগরে ঘোরানোর পর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে পুলিশ ওই ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজারের লাবণী পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকার বাসিন্দারাও রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে তাঁদের গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই আরও যাত্রী ছিলেন। সব মিলিয়ে ৭২ জনকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

তবে সাগরে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যাত্রীদের মালয়েশিয়ায় নেওয়া নিয়ে তাঁদের মধ্যে বিরোধ আরও বাড়ে। পরে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের দিকে নিয়ে আসা হয়।

শুক্রবার রাতে ট্রলারটি সৈকতে ভিড়লে যাত্রীদের তীরে নেমে যেতে বলা হয়। তখন অনেকে পানিতে নেমে সৈকতে উঠে বিভিন্ন দিকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৮ জনকে উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। ট্রলারটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

উদ্ধার হওয়া টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ জানান, তাঁদের গভীর সাগরে নিয়ে বড় ট্রলারে তোলা হয়েছিল। পরে কয়েক দিন সাগরে থাকার পর ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ শুরু হয়। তাঁর দাবি, ট্রলারে ৭২ জন যাত্রী ছিলেন এবং তাঁদের মধ্যে নারী ও শিশুও ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশি নাগরিকদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top