চীনের একটি জায়ান্ট পান্ডাকে ঘিরে একসময় বেশ মজার ঘটনা ঘটেছিল। আই হিন নামের ছয় বছর বয়সী ওই পান্ডাকে গর্ভবতী মনে করা হলেও পরে জানা যায়, সে আসলে গর্ভবতী ছিল না। ঘটনাটি ২০১৪ সালে চীনের সিচুয়ান প্রদেশের চেংদু জায়ান্ট পান্ডা ব্রিডিং রিসার্চ সেন্টারে ঘটে।
জুলাই মাসে আই হিনের মধ্যে গর্ভধারণের বিভিন্ন লক্ষণ দেখা যায়। তার খাবারের প্রতি আগ্রহ কমে যায়, চলাফেরাও কিছুটা কমে আসে এবং হরমোনের পরিবর্তন দেখা যায়। এসব লক্ষণের ভিত্তিতে তাকে সম্ভাব্য গর্ভবতী হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়। এমনকি তার সন্তান জন্ম দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারেরও পরিকল্পনা করা হয়েছিল।
গর্ভবতী বলে ধারণা করা পান্ডাদের চেংদু কেন্দ্রে বিশেষ যত্ন দেওয়া হয়। তাদের আলাদা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয় এবং সার্বক্ষণিক পরিচর্যার পাশাপাশি অতিরিক্ত বান, ফল ও বাঁশ দেওয়া হয়। এ কারণেই কেন্দ্রের এক বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন, কিছু পান্ডা এই বাড়তি সুবিধা নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে।
তবে পরে আই হিনের আচরণ ও শারীরবৃত্তীয় সূচক স্বাভাবিক হয়ে যায়। বিশেষজ্ঞরা জানান, এটি আসলে ‘ফ্যান্টম প্রেগন্যান্সি’ বা ছদ্মগর্ভধারণের ঘটনা হতে পারে। জায়ান্ট পান্ডার ক্ষেত্রে এমন অবস্থা অস্বাভাবিক নয়, যেখানে গর্ভধারণের মতো হরমোন ও আচরণগত পরিবর্তন দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো সন্তান জন্ম নেয় না।

