ছেলের গেমিং আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার হয়ে গেলেন মা

চীনের দক্ষিণাঞ্চলের ৬০ বছর বয়সী এক নারী ছেলের গেমিং আসক্তি বোঝার চেষ্টা করতে গিয়ে নিজেই হয়ে উঠেছেন জনপ্রিয় গেমার। একসময় ছেলের অতিরিক্ত গেম খেলা নিয়ে দুশ্চিন্তায় থাকা এই মা এখন অনলাইনে হাজারো দর্শকের সামনে নিয়মিত গেম খেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত ঝং জুয়ানজুয়ান এখন একজন জনপ্রিয় ই-গেম লাইভস্ট্রিমার।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ঝংয়ের অনুসারীর সংখ্যা ৫ লাখ ২৭ হাজারে পৌঁছেছে। প্রতিদিন দুটি করে লাইভস্ট্রিম করেন তিনি। প্রতিটি লাইভে গড়ে প্রায় ১০ হাজার দর্শক যুক্ত হন।

ঝং জুয়ানজুয়ান চীনের গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের উপকণ্ঠে বসবাস করেন। প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করা ঝং জীবনের বিভিন্ন সময়ে বিক্রয়কর্মী ও শিশুদের দেখাশোনার মতো খণ্ডকালীন কাজ করেছেন। প্রায় ১০ বছর আগে অবসর নেন তিনি।

তবে গেমিংয়ের সঙ্গে তার পরিচয় সুখকর ছিল না। প্রায় দুই দশক আগে তার ছোট ছেলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত গেম খেলার কারণে ছেলের পড়াশোনার ফলাফল খারাপ হতে শুরু করে। ছেলেকে এই অভ্যাস থেকে ফেরাতে প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেগুলোতে যেতেন ঝং। কখনো কখনো সেখান থেকে জোর করে ছেলেকে বাড়িতে নিয়ে আসতেন তিনি।

কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি। ২০২০ সালে ছেলের গেম খেলার প্রতি আগ্রহ ও দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাটানোর বিষয়টি বুঝতে নিজেই গেম খেলার সিদ্ধান্ত নেন ঝং। এভাবেই ছেলের একসময়কার অপছন্দের অভ্যাস তার নিজের জীবনের নতুন অধ্যায় হয়ে ওঠে।

শুরুতে গেম খেলা মোটেও সহজ ছিল না ঝংয়ের জন্য। বয়সের কারণে তার দৃষ্টিশক্তি কমে আসছিল। একই সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রেও সমস্যায় পড়তেন তিনি। গেমের ভেতরে সোজা পথে চলতে গিয়ে দেয়ালে ধাক্কা খেতেন, দিক হারিয়ে ফেলতেন। এমনকি সিঁড়ি বেয়ে ওঠার মতো সাধারণ কাজেও তাকে বেশ বেগ পেতে হতো।

তবে এসব বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছেলের কাছ থেকে ধৈর্য ধরে গেম খেলা শিখতে থাকেন তিনি। নিয়মিত অনুশীলনের পাশাপাশি ২০২২ সালে নিজের গেম খেলার সেশনগুলো সরাসরি সম্প্রচার শুরু করেন। সাধারণ সরঞ্জাম ব্যবহার করেই তার গেম খেলার দক্ষতা দর্শকদের নজর কাড়ে।

এ পর্যন্ত ৮ হাজার ঘণ্টারও বেশি সময় গেম খেলেছেন ঝং। মূলত শুটিং গেম খেলতেই বেশি পছন্দ করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে আরও বড় পরিসরে পরিচিতি পান এই নারী। ওই সময় তাকে ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ’ (সিএস:জিও)-এর একটি অনলাইন প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

একসময় ছেলের গেমিং আসক্তি নিয়ে উদ্বিগ্ন থাকা ঝংয়ের জীবনে এখন যেন উল্টো চিত্র। বর্তমানে তিনি নিজেই দীর্ঘ সময় গেম খেলেন, আর কখনো কখনো রাত জেগে খেলা থেকে তাকে বিরত রাখার চেষ্টা করেন তার ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top