মাগুরার মহম্মদপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ৯২ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর মধ্যে ২৫ জনই ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তাঁর দাবি, এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ তোলেন তিনি। এ সময় তিনি বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলে প্রমাণ মিলছে। এমনকি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
রবিউল ইসলাম নয়নের অভিযোগ, প্রশাসনের একটি অংশ এসব কর্মকাণ্ডের আড়ালে বিএনপির আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে গোপনে ষড়যন্ত্র করছে। প্রশাসনের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির সরকার ও তারেক রহমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চান, মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে।
জনগণের প্রতি অবিচল আনুগত্যের কথা জানিয়ে যুবদলের এই নেতা বলেন, নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলেন তিনি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আর কয়েক মাস পরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ নিজেদের পছন্দমতো প্রার্থী বেছে নেবেন এবং সেই প্রার্থীকে জয়ী করেই তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।
নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো ও মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এবং ছাত্রদলের সদস্যসচিব মো. রজব আলী। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মীসভায় উপস্থিত ছিলেন।

