সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

গত শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী।

পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যাওয়ায় তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে গতকাল রাতে উদ্ধার করা হয় অপ্রতিমের নেওয়া মায়ের সেই আইফোনটি। এ ঘটনায় গতকাল আরও একজন কিশোরকে আটক করা হয়েছে, যাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় অপ্রতিমের প্রথম জানাজা। এরপর বেলা ১১টায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়, যার মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলো কিশোর অপ্রতিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top