দ্বিতীয় বিয়ে করলেন মাদানী, বললেন-গোনাহ থেকে বেঁচে থাকতে চাই

আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয়বার বিয়ে করেছেন। বুধবার (৬ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে মাদানী জানান, তিনি আল্লাহভীতির কারণে এবং গোনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, ‘আমি আমার আল্লাহকে ভয় করি… গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে-দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে, যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গোনাহ করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই।’

তবে এই সিদ্ধান্ত সহজ ছিল না বলেও উল্লেখ করেন মাদানী। তিনি জানান, দ্বিতীয় বিয়ের কারণে তার প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে এবং বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তবুও তিনি বিশ্বাস করেন, এটি মানুষের তৈরি কোনো নিয়ম নয়, বরং ইসলামী বিধান অনুযায়ী গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত।

মাদানী তার পোস্টে আরও লেখেন, তিনি দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। অনেক রাত তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার স্ত্রী বিষয়টি মেনে নিতে পারেন। কখনও মনে হয়েছে তিনি বুঝছেন, আবার কখনও তিনি ভেঙে পড়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে তার দুই পরিবার ধৈর্য ধারণ করতে পারে এবং এই পরিস্থিতি সহজভাবে গ্রহণ করতে সক্ষম হয়। তিনি জোর দিয়ে বলেন, একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায়বিচার বা ইনসাফ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

পোস্টের শেষাংশে মাদানী আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি কারও অধিকার নষ্ট না করেন এবং ন্যায়বিচারের সঙ্গে সংসার পরিচালনা করতে পারেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top