ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার অস্বাভাবিক মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানদার। তাঁর একটি ছোট ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের মন্তব্য, হাস্যরস ও তুলনা। পরে চেহারার মিলের কারণেই তাঁর দোকান বয়কটের আহ্বান জানানো হয়েছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ওই ব্যক্তি তেহরানের একটি দোকানে বাদাম, শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি দোকানের ভেতরে ধারণ করা প্রায় ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি দেখার পর অনেক ব্যবহারকারী তাঁর চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান।
ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দোকানদারকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ তাঁকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে উল্লেখ করেন, আবার কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেন। এমনকি অনেকে দোকানটির ঠিকানা জানতে চান এবং সেখানে গিয়ে কেনাকাটা করার আগ্রহও প্রকাশ করেন।
তবে প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে একই ছিল না। কিছু ব্যবহারকারী শুধু চেহারার মিলের কারণেই দোকানটি বয়কটের আহ্বান জানান বলে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আলবেনিয়ার সংবাদমাধ্যম প্যানোরামাও একই ধরনের তথ্য প্রকাশ করেছে।
তবে এ ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখনো নিশ্চিত নয়। দোকানদারের প্রকৃত পরিচয়, দোকানটির সুনির্দিষ্ট অবস্থান এবং বয়কটের আহ্বানের কারণে তাঁর ব্যবসায় বাস্তবে কতটা প্রভাব পড়েছে, এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি দোকানদারের নিজের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি আরও বেশি আলোচনায় এসেছে। সাধারণ একজন ব্যবসায়ীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর চেহারার মিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া এই প্রতিক্রিয়া শেষ পর্যন্ত তাঁর ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। তবে একটি মাত্র ভিডিও যে কীভাবে একজন সাধারণ দোকানদারকে আন্তর্জাতিকভাবে আলোচনায় নিয়ে আসতে পারে, ঘটনাটি তারই উদাহরণ হয়ে উঠেছে।

