পশ্চিমবঙ্গে জয়ী বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি ১৯৪টি আসনে নির্বাচিত হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৯৪টি আসনে। ফলে রাজ্যে ক্ষমতার পালাবদল নিশ্চিত হয়েছে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই হিসেবে প্রাথমিক ফলাফলের প্রবণতাই ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনে করবে।

ভোট গণনা শুরুর পর থেকেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা গেছে। দলটির রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ইতোমধ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সময় শেষ।

এদিকে বিভিন্ন স্থানে বিজেপির নেতা–কর্মীরা আগাম বিজয় উদ্‌যাপন শুরু করেছেন। একই সঙ্গে সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী একজন বাঙালি হবেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top