অ্যান্টার্কটিকার বরফে ঢাকা দুর্গম দ্বীপে কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএইচটি)। কাজের অংশ হিসেবে পেঙ্গুইন গণনা ও পর্যবেক্ষণের পাশাপাশি পর্যটকদের স্বাগত জানানো, ঐতিহাসিক ঘাঁটির গল্প বলা, উপহারের দোকান পরিচালনা এবং পোস্টকার্ডে সিল দেওয়ার মতো দায়িত্ব পালন করতে হয়। পদ ও দায়িত্ব অনুযায়ী মাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরো আয় করা যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা।
চাকরির কর্মস্থল পোর্ট লকরয়, যা পামার দ্বীপপুঞ্জের গুডিয়ার দ্বীপে অবস্থিত। ছোট এই দ্বীপটি পাথর ও বরফে ঘেরা। সেখানে রয়েছে একটি জাদুঘর, উপহারের দোকান ও বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত সচল ডাকঘরগুলোর একটি। প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ক্রুজ জাহাজে করে বিপুলসংখ্যক পর্যটক সেখানে যান। নির্বাচিত ছোট দলটি পর্যটকদের সামলানোর পাশাপাশি প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ড বাছাই ও সিল করার কাজ করে।
তবে চাকরিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেঙ্গুইন গণনা। পোর্ট লকরয়ে প্রায় এক হাজার জেন্টু পেঙ্গুইন রয়েছে। যুক্তরাজ্যের ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে ১৯৯৬ সাল থেকে সেখানে নিয়মিত পেঙ্গুইন গণনা করছে। এর মাধ্যমে তাদের প্রজনন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পর্যটকদের উপস্থিতি পেঙ্গুইনদের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলছে কি না, তা বোঝার চেষ্টা করা হয়।
পেঙ্গুইন গণনার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। প্রজনন মৌসুমে প্রায় ৯৫ শতাংশ বাসায় ডিম আসার পর পুরো দল মিলে গণনা করা হয়। মৌসুমের শেষ দিকে ছানাগুলো বড় হয়ে দলবদ্ধভাবে চলাফেরা শুরু করলে আবার গণনা করা হয়। পরপর দুইবারের গণনায় কাছাকাছি ফল না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালানো হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সেখানে ৫৭১টি বাসা ও ৯৩৮টি ডিম পাওয়া গিয়েছিল।
চাকরির বেতন ও সুবিধা
পদভেদে বেতন আলাদা। সাধারণ সহকারী, বেস ম্যানেজার ও স্টোর ম্যানেজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। মাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরো আয় করা যায়। কর্মীদের থাকার জায়গা, খাবার এবং ঠান্ডা থেকে সুরক্ষার প্রয়োজনীয় পোশাক সংস্থা থেকে দেওয়া হয়। তবে কর্মীরা সেলফ-এমপ্লয়েড হিসেবে কাজ করায় প্রযোজ্য কর নিজেদেরই পরিশোধ করতে হয়।
অ্যান্টার্কটিকার জীবনযাপন অবশ্য সহজ নয়। দ্বীপে বহমান পানির ব্যবস্থা নেই; নৌকায় করে ২০ লিটারের পাত্রে খাবার পানি আনতে হয়। ফলে সাধারণত সপ্তাহে একবার গোসলের সুযোগ মেলে। খারাপ আবহাওয়ায় নৌকা আসতে না পারলে আরও দীর্ঘ সময় গোসলের সুযোগ নাও মিলতে পারে। বিদ্যুতের প্রধান উৎস সৌর প্যানেল। সাধারণ মোবাইল নেটওয়ার্কও নেই; যোগাযোগের জন্য সীমিত গতির স্যাটেলাইট ইন্টারনেট বা সেখানে থাকা বড় জাহাজের ওয়াই-ফাইয়ের ওপর নির্ভর করতে হয়।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে শারীরিকভাবে সক্ষম হওয়া জরুরি। কারণ কাজের মধ্যে রয়েছে বরফ পরিষ্কার করা, পিচ্ছিল পাথুরে জায়গায় নৌকা থেকে মালামাল নামানো এবং ১৫ কেজি পর্যন্ত ওজনের বাক্স বহন করা। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা থাকা বাধ্যতামূলক নয়। দ্বীপে ধূমপানও নিষিদ্ধ।
তবে বাংলাদেশি বা অন্য দেশের নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাজ্যে বসবাস ও কাজের বৈধ অনুমতি। ইউকেএইচটির তথ্য অনুযায়ী, আবেদনকারীদের দল নির্বাচনের সময় যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং কাজ করার বৈধ অধিকার থাকতে হবে। সংস্থাটি ভিসা স্পনসর করে না। সাক্ষাৎকারের সময় পাসপোর্ট, ভিসা বা যুক্তরাজ্যে কাজের অনুমতির অন্যান্য নথি দেখাতে হতে পারে।
যেভাবে আবেদন করতে হবে
ইউকেএইচটির চাকরির জন্য আবেদন তাদের নিজস্ব জবস পোর্টালের মাধ্যমে করতে হয়। সংস্থার বর্তমান তথ্য অনুযায়ী, পোর্ট লকরয়ের পরবর্তী নিয়োগের আবেদন বর্তমানে বন্ধ রয়েছে এবং নতুন নিয়োগের তারিখ পরে জানানো হবে। সংস্থাটি নতুন নিয়োগের ঘোষণা তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। তাই আগ্রহীদের ইউকেএইচটির অফিসিয়াল জবস পেজে নজর রাখতে হবে।
আবেদনকারীদের শুধু পেঙ্গুইন নিয়ে আগ্রহ থাকলেই হবে না। দুর্গম পরিবেশে কয়েক মাস বসবাস, শারীরিক পরিশ্রম, পর্যটকদের সঙ্গে কাজ এবং দলের অন্য সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিক প্রস্তুতিও থাকতে হবে। নির্বাচিতদের শারীরিক ও চিকিৎসাগত সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

