মদ খাইতেও লাইন্সেস লাগে, এটা কোন দেশের আইন জানি না: শেখ মুজিব

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার নিয়মের কড়া সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে তিনি এ নিয়মকে অবাস্তব উল্লেখ করে বলেন, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। একই সঙ্গে স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণের দাম কমিয়ে কেবল মদের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গাড়ি, মোটরসাইকেল কিংবা ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স প্রয়োজন হলেও মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার বিধান অযৌক্তিক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে এক বোতল মদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হয়, যা বন্ধ হওয়া উচিত।

বাজেটে মদের দাম বৃদ্ধি প্রসঙ্গে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, যারা এ সিদ্ধান্তে অসন্তুষ্ট, তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা যেতে পারে—এমন মন্তব্যও তিনি রসিকতার ছলে করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের দাম কমানো এবং মদের ওপর কর বৃদ্ধি জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

বক্তব্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনকল্যাণমুখী বাজেট উপস্থাপন করেছে। এবারের বাজেটকে তিনি শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের বাজেট হিসেবে আখ্যায়িত করেন।

নিজ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। বিশেষ করে হাওড় অঞ্চলে নিরাপত্তা জোরদারে পুলিশ বাহিনীর জন্য স্পিডবোট ও টহল যান বরাদ্দের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল নির্মাণ ও যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বড় বাজেটের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top