মার্চ মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

মার্চ মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত ২৬ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে, যা রোববার (১ মার্চ) সকালে প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকা দামে বিক্রি হবে।

সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছিল। বিপিসি বলেছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দাম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং মার্চ মাসজুড়ে তা কার্যকর থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

এ ছাড়া জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। নির্দেশিকায় বলা হয়েছে, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top