“সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব”

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) লিপী ঘরামীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসা ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, দেশের সব সচিব সময়মতো অফিসে এলে তিনিও নিয়ম মেনে সময়মতো অফিসে আসবেন। তাঁর এই বক্তব্য নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, লিপী ঘরামী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। অফিসে এলেও অনেক সময় নির্ধারিত সময়ের পরে আসেন এবং আগেই কর্মস্থল ত্যাগ করেন। স্থানীয় সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সকাল ৯টায় ইউনিয়ন পরিষদে এসে অপেক্ষা করলেও কোনো কোনো দিন সকাল ১০টা, ১১টা এমনকি দুপুর পর্যন্ত সচিবের দেখা পাওয়া যায় না। ফোনে অফিসে আসার সময় জানতে চাইলে দুর্ব্যবহারের অভিযোগও করেছেন তারা।

এ ঘটনায় গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নয়জন সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে দাপ্তরিক গোপনীয় তথ্য বাইরে প্রকাশ, চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সমন্বয়হীনতা এবং ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদের ফি বাবদ আদায় করা অর্থের সঠিক হিসাব না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

দেরিতে অফিসে আসার কারণ জানতে চাইলে লিপী ঘরামী বলেন, তিনি দূর-দূরান্ত থেকে গোপালগঞ্জ উপজেলা হয়ে কর্মস্থলে আসেন। তাই কিছুটা দেরি হতে পারে। প্রতিদিন সকাল ৯টার পরিবর্তে সাড়ে ১০টা বা ১১টার দিকে অফিসে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অন্য সচিবদের সময়মতো অফিসে আসার প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন।

গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক রেজওয়ানা কবির জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top