সাড়ে ১১ লাখ স্থায়ী বাসিন্দা নেবে কানাডা, অগ্রাধিকার পাবেন যাঁরা

কানাডা আগামী তিন বছরে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা করেছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত এই অভিবাসন পরিকল্পনা কার্যকর থাকবে। তিন বছরে সব মিলিয়ে ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা কানাডায় যাওয়ার সুযোগ পাবেন। একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা (বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী) গ্রহণের পরিকল্পনাও করা হয়েছে।

গত ৫ নভেম্বর কানাডার ফেডারেল সরকার নতুন অভিবাসন পরিকল্পনার ঘোষণা দেয়। দেশটির অভিবাসনব্যবস্থাকে অর্থনৈতিক প্রয়োজন, শ্রমবাজারের চাহিদা, আবাসন পরিস্থিতি এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে আরও নিয়ন্ত্রিত করার লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, কানাডায় বর্তমানে অবস্থানরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ। এর মধ্যে প্রায় ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ এই উদ্যোগটি ২০২৭ সালের জন্য নেওয়া হয়েছে।

কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে কানাডার অর্থনীতিতে ইতিমধ্যে অবদান রাখছেন এবং গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হবে। প্রাদেশিক ও আঞ্চলিক শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাইয়ে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে অতিরিক্ত মনোনয়নের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামসহ কয়েকটি ফেডারেল কর্মসূচিতে আগে আবেদন করা কিছু প্রার্থীও বিবেচনায় আসতে পারেন।

অন্যদিকে মানবিক বিবেচনায় স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনায় দীর্ঘদিন ধরে কানাডায় থাকা এবং মানবিক বা পারিবারিক কারণে স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হবে। হংকংয়ের স্থায়ী বসবাসের বিশেষ পথ, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির অবশিষ্ট আবেদন এবং মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যোগ্য আবেদনকারীদের বিষয়ও এ উদ্যোগের আওতায় রয়েছে।

নতুন পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে মোট স্থায়ী বাসিন্দাদের ৬৪ শতাংশের বেশি অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট পেশায় অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্যাটাগরিভিত্তিক বাছাইও চালু থাকবে।

এ ছাড়া কানাডার কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী অভিবাসীদের জন্যও সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে। ২০২৯ সালের মধ্যে কুইবেকের বাইরে নতুন স্থায়ী বাসিন্দাদের অন্তত ১২ শতাংশ ফরাসিভাষী করার পরিকল্পনা করা হয়েছে। ২০২৭ সালে এই লক্ষ্যমাত্রা ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

প্রদেশ ও গ্রামীণ অঞ্চলের শ্রমবাজারের চাহিদা পূরণেও নতুন পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ও আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় অভিবাসীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচিকে স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।

তবে কানাডা একই সঙ্গে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চায়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ কমানো এর অন্যতম কারণ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের পর কানাডায় প্রতিবছর স্থায়ী বাসিন্দাদের আগমন মোট জনসংখ্যার ১ শতাংশের নিচে রাখার লক্ষ্য রয়েছে।

সব মিলিয়ে নতুন অভিবাসন পরিকল্পনায় কানাডা একদিকে বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতিতে ইতিমধ্যে অবদান রাখা অস্থায়ী বাসিন্দাদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়াচ্ছে। তবে বিশেষ ব্যবস্থায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী করার ক্ষেত্রে কারা কীভাবে আবেদন করতে পারবেন, সেই যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top