নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ বিদেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কয়েক দিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দুই বিদেশি শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন। বুধবার (১১ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপাচার্য জানান, মঙ্গলবার ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পর বুধবার সকালে ওই দুই শিক্ষার্থী নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন। তবে তাদের পরিচয়, জাতীয়তা ও কোন বিভাগের শিক্ষার্থী—এসব তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে চলে যাওয়া দুই শিক্ষার্থীর বিষয়ে তার দপ্তরে তথ্য নেই বলে জানান তিনি।

এদিকে, একই ঘটনায় পরে জানা যায়, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা চীনের আট শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন এবং বাকি ছয়জনেরও দেশে ফেরার টিকিট নিশ্চিত হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top