সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় বিজিবির দ্রুত ও কঠোর প্রতিক্রিয়ায় সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা গুলি চালায়। কোনো ধরনের উসকানি ছাড়াই এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। এর পরপরই বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে পরিস্থিতির জবাব দেয়। তবে সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে বাহিনীটি।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুমতি ছাড়া সীমান্ত এলাকায় চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রেখেছে।

