হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা এবং ঘটনার নেপথ্যের রহস্য উদ্‌ঘাটনের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “মুখ খোলো মমতা, জানতে চায় জনতা”, “ওসমান হাদি, বাংলাদেশের আজাদী” এবং “উই ওয়ান্ট জাস্টিস”সহ বিভিন্ন স্লোগান দেন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি দৃশ্যমান নয় এবং তদন্ত প্রতিবেদন প্রকাশে বারবার সময় নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ঘটনার পেছনে শুধু রাজনৈতিক বিরোধ নয়, আরও গভীর দেশি-বিদেশি সংশ্লিষ্টতা থাকতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেন এবং হত্যাকাণ্ডের পেছনের সব পক্ষকে চিহ্নিত করার দাবি জানান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, হত্যার পর সীমান্ত নিরাপত্তা জোরদারে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কি না।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top