বগুড়ার ধুনট উপজেলার চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দোকান থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়, নরসিংদীর ইমরান, ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এর মধ্যেই ৩০ সেপ্টেম্বর রাতে ওই আট আসামির সঙ্গে দেখা করতে ধুনট থানায় যান মোস্তফা ও বাবুল চৌধুরী। তাদের থানায় আসার বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার আটজনের সঙ্গে মোস্তফা ও বাবুলের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে দুজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় চুরির মামলার তদন্তও অব্যাহত রয়েছে।

