চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন

চাঁদাবাজি প্রতিরোধে কেরানীগঞ্জের একটি চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবীন বাংলাদেশ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হবে। মোট ১০০ জনকে পর্যায়ক্রমে কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা হিসেবে মাসিক ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি থাকা ও একবেলার খাবারের ব্যবস্থা থাকবে এবং বছরে দুটি বোনাস দেওয়া হবে। সাপ্তাহিক একদিন ছুটি থাকবে, তবে প্রয়োজনে মাসে সর্বোচ্চ পাঁচ দিন একসঙ্গে ছুটি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরিতে। প্রতিদিন মোট ১০ ঘণ্টা কাজ করতে হবে, যার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রামের সময় থাকবে। এছাড়া নামাজের সময় অনুযায়ী বিরতির ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চীনা প্রকৌশলীদের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যা ভবিষ্যতে দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

এছাড়া ভালো পারফরম্যান্সের ভিত্তিতে কর্মীদের নবীন চায়না কোম্পানি লিমিটেডের চীনের কারখানায় কাজের সুযোগ দেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে ঢাকার চকবাজারে নবীন বাংলাদেশের শাখা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top