দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়) রাজনীতিতে নেমেই বড় চমক দেখিয়েছেন। তাঁর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাঝগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে।
প্রকাশিত ফলাফলের প্রবণতা অনুযায়ী, ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল প্রায় ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দীর্ঘদিনের প্রভাবশালী দল দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) ও তাদের জোট এগিয়ে আছে মাত্র ৫৮টি আসনে। পাশাপাশি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝগানের (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট রয়েছে ৭১ আসনে।
এতে করে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দুই প্রধান আঞ্চলিক শক্তিকে পেছনে ফেলে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন এবং সে লক্ষ্য পূরণে তাঁর দল বেশ এগিয়ে গিয়েছে।
২০২৪ সালে দল গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন বিজয়। মাত্র দুই বছরের মধ্যে তাঁর দল যে জনপ্রিয়তা অর্জন করেছে, তা বিশ্লেষকদেরও বিস্মিত করেছে। দীর্ঘদিন সিনেমায় জনপ্রিয়তার কারণে তরুণ ভোটারদের বড় একটি অংশ তাঁর প্রতি সমর্থন দিয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যক্তিগত জীবনেও চলচ্চিত্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বিজয়ের। তাঁর বাবা এস এ চন্দ্রশেখর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একজন পরিচিত নির্মাতা। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং বাবার পরিচালনায় একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।
রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি ইতোমধ্যে অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তাঁর সর্বশেষ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

