ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় হগ মার্কেট বা নিউমার্কেট এলাকায় হঠাৎ করেই বুলডোজার নিয়ে অভিযান শুরু হয় এবং একাধিক দোকান ভেঙে ফেলা হয়।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে জয়ের পরদিনই এমন ঘটনার খবর সামনে আসায় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিউমার্কেট এলাকার অধিকাংশ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
ঘটনাস্থলে উপস্থিত সমাজকর্মী সৌম্য মণ্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙা শুরু হয়। তিনি বলেন, কলকাতা পৌরসভার উল্টো পাশে একটি কাপড়ের দোকান মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি ও তাঁর এক বন্ধু কাছাকাছি একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং আংশিক ভিডিও ধারণ করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভাঙচুর চলাকালে এলাকায় উচ্চ শব্দে ডিজে বাজানো হচ্ছিল এবং “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া হচ্ছিল। পুরো এলাকা বিজেপির পতাকায় ছেয়ে যায় বলেও দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সামনেই এই ভাঙচুর সংঘটিত হয়।
সৌম্য মণ্ডল আরও অভিযোগ করেন, ছবি বা ভিডিও ধারণে বাধা দেওয়া হচ্ছিল, ফলে তিনি দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন। তাঁর দাবি, নিউমার্কেটের একাধিক দোকানঘর এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই এলাকায় তাদের একটি দলীয় কার্যালয়সহ আশপাশের কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ কড়া অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, বুলডোজার নিয়ে কোনো ধরনের মিছিল বা অভিযান চালানো যাবে না। যারা এ ধরনের কাজে বুলডোজার সরবরাহ করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

