লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ সময় সংঘবদ্ধ মাদককারবারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। হামলার পর তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে তার হাতে হাতকড়া পরানো হয়। তবে আটকের পরপরই এলাকার কয়েকজন মাদককারবারী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পুলিশের সদস্যদের মারধর করে আহত করে এবং পরে আটক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আকস্মিক এ হামলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, অভিযানে থাকা দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি বলেন, “ছিনিয়ে নেওয়া আসামি এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।”
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদককারবারিদের তৎপরতা দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, মাদকচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে শুধু অভিযান নয়, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় পর্যায়ে সচেতনতাও বাড়ানো প্রয়োজন।

