ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান নিয়োগ, মালিকানা কাঠামো এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

আলোচনার সূত্রপাত হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকটি থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে এবং নতুন করে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে বসিয়ে একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তাঁর দাবি, ইসলামী ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের উদ্বেগকে সরকার গুরুত্ব দিচ্ছে না।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দ যুক্ত থাকলেই সেটিকে ইসলামের সঙ্গে একীভূত করা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’ তিনি আরও যোগ করেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয়।

ব্যাংকটিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে যেকোনো সিদ্ধান্ত বিদ্যমান আইন অনুযায়ী নেওয়া হবে। তবে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পর্দার আড়াল থেকে গ্রাহকদের নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পুনর্গঠন বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে। পাশাপাশি ব্যাংক থেকে নেওয়া ঋণ ফেরত না দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের কথাও জানান তিনি। নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত কর্মীদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top